নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আটদিন পর ফয়সাল আহমেদ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে উপজেলার ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
এরআগে র্যাব এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তারা সম্পর্কে চাচা ভাতিজা। পরে তাদের তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে নিখোঁজ ফয়সালের লাশ উদ্ধার করা হয়।
লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা আরও জানান, উপজেলার লোহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফয়সাল ছোটবেলা থেকে একই এলাকায় মামার বাড়িতে থাকতো। গত ২৬ জানুয়ারি রাত নয়টায় মোবাইলে ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অনেক খোঁজার পরও ফয়সালের সন্ধান না পেয়ে তার মামা মানিক দুইদিন পর (২৮ জানুয়ারী) সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যানব। এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহত ফয়সালের স্বজনরা।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে আসামি অপূর্ব ও তার ভাতিজা তপু পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোবাইল ফোনে ফয়সালকে ডেকে এনে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয় বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না র্যাব তা খতিয়ে দেখছে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







