জনপদ

নারায়ণগঞ্জে চার সংস্কৃতিকর্মীর উপর হামলার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ হামলা

নারায়ণগঞ্জের শহীদ মিনারে সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনকারী কবি আরিফ বুলবুলসহ চার সংস্কৃতিকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে পুলিশ এই ঘটনায় হামলাকারী কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ শেষে শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অমল আকাশ, কার্যকরী সদস্য শিল্পী শাহীন মাহমুদ, প্রতিনিধি পরিষদের সদস্য কবি আরিফ বুলবুল, ছড়াকার আহম্মেদ বাবলু অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে অর্তকিত ১০/১২ জনের একটি সন্ত্রাসী যুবক দল হাতে লাঠিসোটা, লোহার মোটা এঙ্গেল ও অন্যান্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

“সন্ত্রাসীদের হামলায় কবি আরিফ বুলবুলসহ ৪ জন আহত হয়। বর্তমানে কবি আরিফ বুলবুলের মাথায় সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও পরে ঢাকার পপুলার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিপূর্বে আমাদের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসীরা কয়েকবার হামলা চালিয়ে কর্মীদের মারধর করেছে। সাম্প্রতিক সময়ে যে সমস্ত সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ আমাদের বিভিন্ন অনুষ্ঠানে হামলা-ভাংচুর কর্মীদের মারপিট করেছে তারাই কবি আরিফ বুলবুলসহ অন্যদের হত্যার উদ্দেশ্যে উপর হামলা চালিয়েছে।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান মিয়া জানান, মামলা হয়েছে। তবে এই হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করব।

বিষয়:নারায়ণগঞ্জ হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…