বিসিএলের চলতি মৌসুমে প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়েছেন শাহরিয়ার নাফীস। দ্বিতীয় দিন শেষে ১৭০ রানে অপরাজিত থাকা নাফীস তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বিকেএসপির মাঠে মধ্যাঞ্চলের স্পিনার সাদমান ইসলামকে চার মেরে মাইলফলকে পৌঁছান এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারেই ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
৮ উইকেটে ৭৪৯ রানে থামে তাদের প্রথম ইনিংস। পাহাড়সম ইনিংস গড়তে দক্ষিণাঞ্চল ব্যাটিং করেছে ১৯৯.২ ওভার। ২০৭ রানে অপরাজিত থেকে যান নাফীস। ২৯৮ বলে ১৮টি চার ও পাঁচ ছক্কায় সাজান ইনিংসটি।
ম্যাচের প্রথম দিনই বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণাঞ্চল। ২ উইকেট হারিয়ে দলটি তুলে নেয় ৩২৫ রান। ১৩১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। ১০১ রানে অপরাজিত থাকা তুষার দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দ্যুতি ছড়ান। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। দলটি দ্বিতীয় দিন শেষ করে ৮ উইকেটে ৭০১ রান নিয়ে।
শুভাগত হোম তিনটি, তানবীর হায়দার নিয়েছেন দুটি উইকেট। মোহাম্মদ শরিফ, মার্শাল আইয়ুব ও মোশাররফ হোসেন নিয়েছেন একটি করে উইকেট।








