একটি মূল্যবান অ্যাওয়ে গোল ছিল। ঘরের মাঠে নিজেদের জাল অক্ষত রেখে দুটি গোল করলেই চলত। নাপোলি শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু রিয়াল মাদ্রিদকে হারানো সম্ভব হলো না ইতালিয়ান ক্লাবটির। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল।
দ্বিতীয় লেগে নাপোলির মাঠে রিয়ালের জয়টি ৩-১ গোলের। শেষ ষোলোর প্রথম লেগে বার্নাব্যুতেও একই ব্যবধানে জিতেছিল জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে মাদ্রিদিস্তাদের জয়টি ৬-২ ব্যবধানের।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নাপোলি। রিয়াল দুটি প্রায় সুযোগ তৈরি করলেও এসময় কাজে লাগাতে পারেনি। ম্যাচের ২৪ মিনিটে ড্রিস মের্টেন্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকরাই। মারেক হামসিকের ক্রসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মের্টেন্স।
এগিয়ে যাওয়ার পরের কয়েক মিনিটও রিয়ালের রক্ষণকে এলোমেলো করে রাখে নাপোলি। এরপরই ধীরে ধীরে ফিরে আসতে থাকে অতিথিরা। পাল্টা আক্রমণ থেকে গড়ে ওঠা একটি সুযোগ হাতছাড়ার পর অবশ্য বেঁচে যায় রিয়ালও। ৩৭ মিনিটে মের্টেন্সের নিচু শট পোস্ট দুর্ভাগ্যে পড়ে। তবুও নাপোলি মাঠে দাপট অক্ষত রেখেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ফিরে পেপে-রামোসরা শুরু থেকেই আক্রমণে যেতে থাকেন। ফলও আসে ৫১ মিনিটে। এসময় টনি ক্রুসের কর্নারে দারুণ এক হেডে সমতা ফেরান অধিনায়ক সার্জিও রামোস। ৫৭ মিনিটে আবারো আক্রমণে রামোস। মিডফিল্ডার ক্রুসেরই কর্নারে তার একটি হেড বিপদমুক্ত করতে যেয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মের্টেন্স। তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়ালের শেষ আটের টিকিট।
রিয়াল পরে আরো একটি গোল করেছে। যোগ করা সময়ে নাপোলির জাল খুঁজে নেন আলভারো মোরাতা। গোলটি ক্রিস্টিয়ানো রোনালদোর হতে পারতো। সিআর সেভেনের শটে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক, ফিরতি বল পেয়ে নাপোলির জাল খুঁজে নেন স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা।
রাতের অন্য ম্যাচে ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে জার্মান জায়ান্টদের জয়টি ১০-২ গোলের।







