অর্থনীতি

নানা জটিলতার ফাঁদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মকর্তা নিয়োগ

নানা জটিলতার ফাঁদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মকর্তা নিয়োগ

একটি রিটের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের অফিসার ও সিনিয়র অফিসার পদের সব ধরনের নিয়োগ পরীক্ষায় হাইকোর্ট স্থগিতাদেশ দেয়ায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ইতিহাসে সিনিয়র অফিসার পদে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওইদিন পরীক্ষা হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। ফলে হতাশা বিরাজ করছে দুই লক্ষাধিক চাকরিপ্রার্থীর মধ্যে।

এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর নিয়োগ প্রক্রিয়ার সার্বিক বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইন কথা বলেছে বিএসসির সদস্য সচিব এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন খানের সঙ্গে। নিজ কার্যালয়ে বসে চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি তুলে ধরেছেন নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন জটিলতাসহ সার্বিক দিক সম্পর্কে।

১২ তারিখের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
পরীক্ষার নির্ধারিত তারিখের মাত্র ৪ দিন আগে হাইকোর্টের এক স্থগিতাদেশের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষা নিয়ে।

মোশারফ হোসেন খান বলেন: এই পরীক্ষার সব আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। এখন পরীক্ষা নিতে না পারলে রাষ্ট্রীয় অনেক অর্থের অপচয় হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরীক্ষা নেয়ার। যে তিন ব্যাংকের স্থগিতাদেশ এসেছে, সে তিনটি বাদ রেখেও যদি পরীক্ষা গ্রহণ করা যায়, আমরা সেটাও চাই। কিন্তু আইনগত কারণে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারছি না।

সমন্বিতভাবে গত বছরের ২৩ আগস্টে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা (সিনিয়র অফিসার) ছিল ১ হাজার ৬৬৩ টি। যার মধ্যে  সোনালী রূপালী জনতা ব্যাংকেরই ছিল ৯৭১টি পদ। এই পদগুলো বাদ রেখে বাকি ৫ প্রতিষ্ঠানের পদের সংখ্যা ৬৯২টি।

বিএসসির সদস্য সচিব এবং বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন খান
বিএসসির সদস্য সচিব এবং বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন খান

তিন ব্যাংক বাদ রেখে পরীক্ষা হলে যা হবে
মোশারফ হোসেন খান বলেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং জনতা ব্যাংকের পরীক্ষা বাদ রেখও যদি পরীক্ষা নেওয়া যায়, তবুও আমরা নিতে চাই। সেক্ষেত্রে প্যানেল প্রস্তুত করা হবে বাকি পাঁচটি প্রতিষ্ঠানের ৬৯২টির জন্যই।

‘‘আমাদের চিন্তা ছিল ৮ প্রতিষ্ঠানের ১ হাজার ৬৬৩ পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষায় কম বেশি ১৭ হাজার পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করবো। কিন্তু এখন যদি তিন ব্যাংক বাদ রাখতে হয় তাহলে আমাদের ৯৭১টি পদ বাদ রাখতে হবে, আমাদের প্যানেল প্রস্তুত করতে হবে বাকি পাঁচ প্রতিষ্ঠাদের ৬৯২টি পদের জন্য। সুতরাং আনুপাতিক হার বিবেচনায় আমরা হয়তো সর্বোচ্চ ৭ হাজার পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দিতে পারবো।’’

তবে পরীক্ষা হলে কেবল ওই পাঁচ প্রতিষ্ঠানের জন্যই হবে। সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের কোন পদে এই প্যানেল থেকে নিয়োগের সুযোগ থাকবে না বলেও পরিষ্কার করেন তিনি।

আটকে আছে বহু নিয়োগ
বিএসসির সদস্য সচিব বলেন, বিভিন্ন সময়ে করা রিটের পরিপ্রেক্ষিতে সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, সাধারণ অফিসার এবং ক্যাশ অফিসার পদের সবগুলো নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। কবে নাগাদ আবার প্রক্রিয়া শুরু করতে পারবো তাও বলতে পারছি না এই মুহূর্তে। আমরা চেয়েছিলাম দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাতে। কিন্তু নানা জটিলতা তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।

কোটা সংক্রান্ত জটিলতা
সরকার নির্ধারিত কোট ব্যবস্থা বহাল রাখতে নিয়োগের জন্য গঠিত প্যানেল নিয়ে জটিলতা সৃষ্টির বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের এ মহাব্যবস্থাপক বলেন: কোটা ব্যবস্থার যথাযথ নিয়ম মেনে প্যানেল প্রস্তুত করতে গেলে অনেক সময় পদের চেয়ে বেশি লোকের প্যানেল প্রস্তুত করতে হয়। কিন্তু সবাইকে চাকরি দেয়া যায় না।

‘‘ধরেন কোন ব্যাংকের ১০০টি পদের জন্য প্যানেল প্রস্তুত করা হবে। সরকার নির্ধারিত কোটা ব্যবস্থার নিয়ম হচ্ছে, মেধা: ৪৫ শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-নাতনি: ৩০ শতাংশ, নারী: ১০ শতাংশ, জেলা কোটা: ১০ শতাংশ এবং আদিবাসী, প্রতিবন্ধী ইত্যাদি মিলে: ৫ শতাংশ।

‘‘এখন ১০০টি পদের জন্য ১০০ জনের প্যানেল প্রস্তুত করা হলে দেখা গেল সেখানে মুক্তিযোদ্ধা কোটাধারী আছেন মাত্র ৩ জন। আদিবাসী বা এধরনের কোটাধারী কেউই নেই। তখন আপনি কী করবেন? সরকার নির্ধারিত নিয়ম হচ্ছে নির্ধারিত কোটায় প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তা সংরক্ষণ করতে হবে। মেধা বা অন্য কোটা থেকে তা পূরণ করার সুযোগ নেই। তাই ১০০ পদের জন্য আমাদের ৩০০ বা ৩৫০ জনের প্যানেল প্রস্তুত করতে হয়। কারণ প্যানেলের আকার যখন বড় হয় তার মধ্যে হয়তো কোটাধারী প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। কিন্তু তারপরেও যদি কোটাধারীদের নির্দিষ্ট সংখ্যক প্রার্থী পাওয়া না যায়, তখন সে পদগুলো সংরক্ষণ করতে হয় বলে অনেক সময় বিজ্ঞাপিত পদের চেয়ে কম সংখ্যক প্রার্থী নিয়োগ দেয়া ছাড়া উপায় থাকে না।

তাছাড়া অনেকে নির্বাচিত হয়েও বিভিন্ন কারণে চাকরিতে যোগদান না করলে যাতে মেধাতালিকার ক্রমনুসারে সে পদগুলো পুরণ করা যায় সে জন্য বিকল্প প্রার্থী হাতে রাখতে প্যানেল বড় করা হয় বলেও জানান তিনি।নানা জটিলতার ফাঁদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মকর্তা নিয়োগ

বিভাগীয় শহরে ব্যাংকের পরীক্ষা গ্রহণ সম্পর্কে
চাকরিপ্রার্থীদের সুবিধার্ধে বিসিএস পরীক্ষার মতো বিভিন্ন বিভাগীয় পরীক্ষা নেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে মোশারফ হোসেন খান বলেন: আমাদের আসলে সে সামর্থ্য আপাতত নেই।

‘‘বিসিএসের সঙ্গে তুলনা করলে হবে না। কারণ সে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সরকারের সরাসরি তত্ত্বাবধানে। সেখানে বিভাগীয় পর্যায়ের বা মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তারা নিজে দায়িত্ব নিয়ে পরীক্ষার ব্যাপারে আন্তরিক থাকেন। কিন্তু ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে সে ধরনের সহযোগিতা পাওয়ার সুযোগ কম। তাই প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাছাড় আমাদের পরীক্ষা সাধারণত বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হয়। অনেক চেষ্টা করলেও একজন অধ্যাপককে আপনি বিভাগীয় পর্যায়ে নিতে পারবেন না।’’

যারা আন্তরিক নয় তারা অফিসার হবেন কীভাবে?
পর্যাপ্ত সুযোগ দেওয়া সত্ত্বেও যারা চাকরি পরীক্ষার প্রবেশপত্র সময়মত তুলতে পারেননি, তাদের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিএসসির এ সদস্য সচিব: অন্তত ১০ টি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানিয়ে প্রবেশপত্র তোলার জন্য ৩-৪ সপ্তাহ সময় দেওয়ার পরেও যারা নির্ধারিত সময়ে প্রবেশপত্র তুলতে পারেন না, তারা কর্মকর্তা হবেন কীভাবে। শুরুতেই তো তারা নিজেদের অযোগ্য প্রমাণ করেছেন।

সম্প্রতি আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার  পদে আবেদন করেও সময়মত প্রবেশপত্র না তুলতে পারায় পরীক্ষায় অংশগ্রহনের অযোগ্য হন লক্ষাধিক পরীক্ষার্থী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…