মারকাস র্যাশফোর্ডের অন্তিম গোলে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে আরএসসি অ্যান্ডারলেস্টকে দুই লিগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়েছে দলটি।
ইউরোপা লিগ ইউনাইটেড ম্যানেজার মরিনহোর জন্য গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগের ‘ক্ষতি’ তিনি এখান থেকে পুষিয়ে নিতে পারেন। আলোচিত এই কোচ চিন্তায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়েও। শীর্ষ চারে থাকতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা থাকছেই।
ম্যানইউ এদিন ‘ড্র’ করতে করতে জয়ের দেখা পেয়েছে। ম্যাচের একদম শেষ দিকে ১০৭ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন র্যাশফোর্ড।
এর আগে ম্যাচের ১০ মিনিটের মাথায় হেনরি মিখিতারিয়ান ম্যানইউকে এগিয়ে দেন। আরএসসি ৩২তম মিনিটে হান্নাইয়ের গোলে ম্যাচে ফিরে আসে। এরপর শেষদিকে যেয়ে ওই র্যাশফোর্ড চমক।
ম্যানইউ জয় পেলেও ইব্রাহিমোভিচের ইনজুরি নিয়ে চিন্তায় পড়ছে। হাঁটুর ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি।
ঘরের মাঠ ওল্ট ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে দুর্দান্ত খেলছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত তারা। এর মধ্যে জয় ১৭টি, ড্র ৯টি।
নিজেদের মাঠে দলটির সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ২০১১ সালে। সেবার টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল তারা।







