আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে এখন শতবর্ষের ইতিহাসের সামনে ম্যানচেস্টার সিটি। কারাবাউ কাপের সেমিফাইনালের প্রথম লেগে বিস্টল সিটিকে ২-১ গোলে হারায় সিটিজেনরা।
এই জয়ে ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ জিতল পেপ গার্দিওলার শিষ্যরা। এর ফলে ১৯২০-২১ মৌসুমের রেকর্ড স্পর্শ করল দলটি। ঘরোয়া ফুটবলে সব মিলিয়ে এখন ৩৩ ম্যাচে অপরাজিত সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ জারি রেখেও গোল পায়নি ম্যানসিটি। উল্টো ৪৪ মিনিটে ববি রিডের সফল স্পটকিকে এগিয়ে যায় ব্রিস্টল সিটি। ডি-বক্সে ইংলিশ এই মিডফিল্ডারকেই জন স্টোনস ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা।
বিরতির পর সমতায় ফিরতে অবশ্য দেরি হয়নি সিটির। ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা রাহিম স্টার্লিংয়ের সঙ্গে একবার বল দেয়া নেয়া করে জোরাল শটে গোল করেন বেলজিয়ান তারকা।
এরপর এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগতে পারছিল না সিটির ফরোয়ার্ডরা।
৭০ মিনিটে ইয়াইয়া তোরের বদলি হিসেবে আগুয়েরোকে মাঠে নামান গার্দিওলা। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচের যোগ করা সময়ে কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি। বের্নার্দো সিলভার দারুণ ক্রসে বল পেয়ে হেডে প্রতিপক্ষের জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের আনন্দে মাতান তিনি। তাতেই ২-১ গোলের নাটকীয় জয়ে মাঠে ছাড়ে সিটি।
চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ে পথে ভাল অবস্থায় রয়েছে ম্যানসিটি। এফএ কাপের ফাইনাল নিশ্চিত করার পর কারাবাউ কাপেও ফাইনালে এক পা দিয়ে রাখল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে আগেই। আর প্রিমিয়ার লিগে দুইয়ে থাকা নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।







