দেশের প্রগতিশীল ও সমসাময়িক ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমার ২২তম একক প্রদর্শনী ‘প্রিমা ডোনা’ অনুষ্ঠিত হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রদর্শনীটি চলবে শনিবার থেকে বুধবার সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত।
প্রদর্শনী উদ্বোধনের সঙ্গে আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমার সংকলন প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি’ বইটির উন্মোচন করা হয় রোববার। সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী আর্ট গ্যালারীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত মিস সিডসেল ব্লেকেন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের সভাপতি আবুল খায়ের, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স’এর ভাইস প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রাহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘর’এর বোর্ড অফ ট্রাস্টিস অধ্যাপক শামসুজ্জামান খান এই অধিবেশন এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী লেখক অধ্যাপক নজরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের ডিরেক্টর জেনারেল মোঃ রিয়াজ আহমেদ।
প্রদর্শনীটি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম এর একটি যৌথ প্রচেষ্টা যার স্ট্র্যাটেজিক পার্টনার-প্রিমা আতেলিয়ে, রেডিও পার্টনার-কালারস এফ এম এবং মিডিয়া পার্টনার-একাত্তর টিভি।
‘প্রিমা ডোনা–অ্যান ইনফিনিট জার্নি’ বইটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত-সংঘাত, বিস্ময়, সাহস, দৃষ্টি এবং সংযোগ। বইটির প্রকাশক ও প্রযোজক কসমস বুকস, পৃষ্ঠপোষক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং এর অনুক্রমণীর রচয়িতা জাতীয় অধ্যাপক ডাঃ আনিসুজ্জামান।

নাজিয়া আন্দালিব প্রিমা তার ২২তম একক প্রদর্শনী সম্পর্কে বলেন: আমার কাছে শিল্প সর্বোপরি দুর্বল, যদি না শিল্পে আধ্যাত্মিক এবং প্রাসঙ্গিক বিষয়বস্তু থাকে, আমি শিল্পকে ভেঙে আমার নিজস্ব প্রসঙ্গ দিয়ে তাতে নতুন মাত্রা যোগ করি। তাই এই প্রদর্শনীটিতে চিত্রাঙ্কন, ইনস্টলেশন, পাঠ্য ও পারফর্মেন্সের সমন্বয় রয়েছে, যা আমার নিজস্ব অস্তিত্বের স্বাধীনতাকে উপস্থাপন করে।
তিনি আরও বলেন, প্রিমা ডোনা হলেন একজন শীর্ষস্থানীয় নারী, যিনি রোমাঞ্চকর, কল্পনাশক্তি সম্পন্ন এবং নতুন সম্ভাবনায় পূর্ণ।
নাজিয়া আন্দালিব প্রিমা বরাবরই তার ক্যানভাসে–গতানুগতিক কিংবা ডিজিটাল মাধ্যমে–নারী প্রতিনিধিত্বকে রূপক অর্থে প্রকাশ করে যাচ্ছেন। তিনি ২০১৯ সালে লা বিয়েনেল দা ভেনেজিয়া তে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিনিধিত্ব করেন। দেশ ও বিদেশে বিভিন্ন পুরষ্কারে তাকে সম্মানিত করা হয়েছে, যার মধ্যে ২০১৪ সালে বাংলাদেশের সৃজনশীল ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসাবে অনন্যা পুরষ্কার, আর্ট রেসিডেন্সির জন্য ২০১২ সালে ফুকুয়াকা জাদুঘর অনুদান, বাংলাদেশ চারুশিল্প পরিষদ চিত্রাঙ্কনে শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার (২০০৭//২০০৮) অন্যতম।
এছাড়াও প্রাইড বাংলাদেশের ২০১৬ সালের শ্রেষ্ঠ ভিজুয়াল আর্টিস্টের স্বীকৃতি, ভিজুয়াল আর্টস বিভাগে বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) অ্যাওয়ার্ড ২০১৬সহ রয়েছে আরও উল্লেখযোগ্য সম্মাননা।
বর্তমানে নাজিয়া আন্দালিব প্রিমা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর ও ক্রিয়েটিভ এডিটর, উইমেন ইন লিডারশীপের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত আছেন।








