জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে বর্বোরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে দাড়ানো নাজিমউদ্দিন হত্যার বিষয়ে ইউএস ডিপার্টমেন্ট অব স্ট্যাটের গতকাল প্রকাশিত এক বিবৃতি আজ গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।
সামাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের কথাও উল্লেথ করা হয়। উগ্রবাদের বিরুদ্ধে মত প্রকাশের জন্যই আইন বিষয়ের শিক্ষার্থী নাজিমকে হত্যা করা হয়েছে, এমন ধারণাই প্রকাশিত হয় বিবৃতিতে।
সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই এবং এই ধরণের জঘন্য অপরাধ সংগঠনকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।
মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে সহিষ্ণু ও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে বাংলাদেশের জনগণের পাশে থাকারও অঙ্গীকারও ব্যক্ত হয়।
মুক্ত ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের যে গৌরবান্বিত ঐতিহ্য তা সহিংসতার কাছে পরাজিত হবে না, তা নাজিমউদ্দিন জানতেন এবং বাংলাদেশের ইতিহাসও তাই বলে, এমনটাই উল্লেখ করা হয় বিবৃতিতে।










