বিসিএলের পঞ্চম রাউন্ডে নাজমুল হোসেন শান্ত ও নাঈম ইসলামের পর সেঞ্চুরি পেয়েছেন ধীমান ঘোষ। তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বিসিবি উত্তরাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের করা ১৮১ রানের জবাবে উত্তরাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৫৩৭ রানে। তাদের লিড ৩৫৬ রানের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা নাঈম থেমেছেন ১৪২ রানে। এদিন আর ৯ রান যোগ করে মোহাম্মদ শরিফের বলে এলবিডব্লিউ হন এই ডানহাতি ব্যাটসম্যান।
৬৪ রান নিয়ে দিন শুরু করা ধীমান ঘোষ তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের একাদশতম সেঞ্চুরি। ১৩২ বলে ১৪টি চারের সাহায্যে ১১৩ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
শেষ দিকে আলাউদ্দিন বাবু ব্যাটে ঝড় তুললে লিড তিন’শ পেরোয় উত্তরাঞ্চলের। ৬৭ বলে ৪টি ছক্কা ও ১ চারে ৫৩ রানের ইনিংস খেলেন এ টেলএন্ডার।








