সারাদেশে গতকাল প্রথম দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুয়ায়ী আজ বুধবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা হতে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে।
সকাল থেকেই কেন্দে প্রচুর ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় গ্রামীন জনপদে ভোটের উৎসব দেখা যাচ্ছে।
১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৪৪৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ১১টি ইউনিয়নের মোট ১০৩ টি কেন্দ্রের ৫শ ৬৬টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৭শ ৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৫শ ৭২ জন এবং মহিলা ভোটার ৯৯ হাজার ২শ ৫৩ জন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার পরিবেশ শান্তিপুর্ন রাখতে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করছে।
গত ২০ মার্চ টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন হওয়ার কথা থাকায় নাগরপুরের ইউপি নির্বাচন ২২মার্চ থেকে একদিন পিছিয়ে ২৩ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হয় গত ২২ ফেব্রুয়ারী। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৪জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
আর বিএনপিতে রয়েছেন ৪জন বিদ্রোহী প্রার্থী। চরাঞ্চল অধ্যুষিত নাগরপুরের ভারড়া ইউনিয়নে নদী ভাঙ্গণের কারণে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।






