আলোকস্বল্পতায় খেলা হয়েছে ৮১ ওভার। তাতেই রানের পাহাড় গড়ে ফেলেছে নর্থ জোন। নাঈম ইসলাম ও অধিনায়ক জহুরুল ইসলামের জোড়া সেঞ্চুরিতে বিসিএলের প্রথম রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে ২ উইকেটে ৩৩৫ রানে প্রথমদিন শেষ করেছে দলটি। রান তুলেছে ৪.১৩ গড়ে।
বৃহস্পতিবার রাজশাহীতে টস জিতে নর্থকে ব্যাটিংয়ে পাঠান ইস্ট অধিনায়ক ফরহাদ রেজা। তাতে যেন উপকারই হয় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। উদ্বোধনী জুটিতেই ৬৭ রান তোলেন নর্থের মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী।
জুনায়েদ ২৮ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরার পর উইকেটে আসেন ফরহাদ হোসেন। কিছুক্ষণ পর ১২ রানে ফেরেন তিনিও। আরেক ওপেনার মিজান ৬৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে হাল ধরেন নাঈম ও জহুরুল। দিন শেষ করেন অপরাজিত থেকেই।
১৭৭ বলে ১১১ রান করে অপরাজিত আছেন নাঈম। ১৩ চারের সঙ্গে ১ ছক্কার ইনিংস তার। অধিনায়ক জহুরুল অপরাজিত ঠিক ১০০ রানে। তার চারের সংখ্যা ১৪টি।








