নর্থ কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বিষয়ক কর্মকাণ্ড নিয়ে দেশটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হওয়া টানাপোড়েন শিথিল করতে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এ কাজের উদাহরণ হিসেবে তিনি নরওয়ে ‘সাহায্য করতে সদাপ্রস্তুত’ বলে উল্লেখ করেছেন।
পোপ সতর্ক করে দিয়ে বলেন, নর্থ কোরিয়া নিয়ে বর্তমানে চলমান সঙ্কট থেকে একটি বিধ্বংসী যুদ্ধের শুরু হতে পারে, যেখানে ‘মানবতার একটি বড় অংশ’ ধ্বংস হয়ে যাবে।
মিশর সফর শেষে নিজস্ব বিমানে করে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘বিশ্বে বহু সহায়ক পক্ষ রয়েছে। অনেক মধ্যস্থতাকারী আছে যারা এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। নরওয়ের কথা এখানে উদাহরণ হিসেবে বলা যায়।’
পরিস্থিতি অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেছে উল্লেখ করে পোপ সতর্ক করেন। বলেন, এক্ষেত্রে সঙ্কট নিরসনের পথটা হতে হবে আলোচনা ও সমঝোতা এবং কূটনৈতিক সমাধানের পথ।
শনিবার ভোরে নর্থ কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার কয়েক ঘণ্টা পরই এ মন্তব্য করলেন পোপ। যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার সেনাবাহিনীর বক্তব্য অনুসারে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয় এবং পরীক্ষাটি ব্যর্থ হয়ে যায়।
ওই পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নর্থ কোরিয়া সঙ্কট সমাধানে ‘কঠোর চেষ্টা’ করছেন। এর মাঝে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেশটি চীন এবং তার প্রেসিডেন্টকে অপমান করেছে বলে অভিযোগ করেন তিনি।








