নর্থ কোরিয়ার হুমকির পরও বৈঠক সময়মতোই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সংবাদমাধ্যমকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য এখনো তৈরি।
স্যান্ডার্স বলেন, ‘বৈঠকটি যদি হয়, তবে প্রেসিডেন্ট তাতে অংশ নিতে প্রস্তুত আছেন। আর যদি না হয়, তখন আমরা বর্তমানের মতোই সর্বোচ্চ চাপ বজায় রাখব।’
এর আগে বুধবার নর্থ কোরিয়া এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে জানায়, পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প যদি নর্থের ওপর চাপ সৃষ্টি করে তাহলে আসন্ন বৈঠকে দেশটির নেতা কিম জং উন আদৌ বসবেন কিনা তা পুনর্বিবেচনা করা হবে।
আগামী ১২ জুন ট্রাম্প-কিম ঐতিহাসিক এই বৈঠক হওয়ার কথা।
নর্থের অভিযোগ, সাউথ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া উত্তেজনার সৃষ্টি করছে।
নর্থ কোরিয়ার হুমকির পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানায়, এরপরও তারা জুনে ট্রাম্প-কিম বৈঠকের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাউথ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ মহড়ার কারণে সাউথ কোরিয়ার সাথে বুধবারের উচ্চ পর্যায়ের বৈঠক স্থগিত করে নর্থ।







