নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটাতে সমন্বিত নীতি নির্ধারণ ও অর্থায়নে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
ভারতের রাজধানী নয়াদিল্লীতে বিশ্বের ১শ’ ২১টি দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের, উদ্বোধনী সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের পরিকল্পনা করছে। এখন পর্যন্ত ২শ’ ৪০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ থেকে আসে বলেও জানান তিনি।
বলেন, আমাদের সম্ভাবনাগুলো প্রায়ই উন্নয়নের লক্ষ্য দ্বারা চাপিয়ে রাখা হয়। তবুও আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার কথা ভুলে যাওয়া উচিৎ না।
সৌরশক্তি থেকে বাংলাদেশ ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতিয় গ্রিডে সংযুক্ত করবে বলে আশা করেন রাষ্ট্রপতি। বলেন, গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ক্ষেত্রে আমাদের অংশ শূন্য দশমিক ১ শতাংশ, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বাংলাদেশের ওপর হুমকি ব্যাপক।







