নববর্ষে পাতে ইলিশ চান ফিঞ্চ

Cricketer in black and red jersey holding a cricket bat, giving a thumbs up on the field during a match. Channel i News – চ্যানেল আই নিউজ
সব গ্লানি মুছে নতুনের আহ্বানে আসছে বাংলা নববর্ষ। নতুন বছরের প্রথমদিন বাঙালির জীবনে অবিচ্ছেদ্য ভাবে মিশে আছে পান্তা-ইলিশ। বিষয়টি ভালো করেই জানেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আসন্ন উৎসবে তাই মিস করতে চাচ্ছেন না ইলিশ মাছের স্বাদ।
আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে চুক্তি করা ফিঞ্চ কেকেআর ভক্তদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, নববর্ষে অবশ্যই খেয়ে দেখবেন বাঙালির প্রিয় ইলিশ মাছ। আগ্রহ দেখিয়েছেন অন্য বাঙালি খাবারের প্রতিও।
সোশ্যাল মিডিয়ায় লাইভে এক ভক্ত জানতে চান, কখনও ইলিশ মাছ খেয়েছিলেন কিনা। জবাবে ফিঞ্চ জানিয়েছেন, ইলিশ মাছের স্বাদ না নিয়ে দেশে ফিরছেন না। শুধু তাই নয়, ভালো লাগলে তাসমান সাগর পাড়ে গিয়েও চেখে দেখবেন ইলিশ। রেসিপি অনুযায়ী রান্না করতে পারলে ভালোই রাধবেন, আশাবাদী ফিঞ্চ।
ভিডিওতে কোলকাতার ওপেনার বলেন, ‘এখনও ইলিশ খাওয়া হয়নি। তবে শুনেছি সামনেই বাঙলার নববর্ষ আসছে। তখন ইলিশ খেয়ে দেখব।’
আইপিএল চলমান মেগা আসরে নিলামে অবিক্রিত থাকলেও অ্যালেক্স হেলসের বদলি হিসেবে কোলকাতার হয়ে খেলবেন অজিদের অধিনায়ক। জাতীয় দলের খেলা শেষে নাইটদের ড্রেসিংরুমেও ঢুকে পরেছেন, শুরু করেছেন অনুশীলনও। ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে তার দল কেকেআর।






