বিয়ের পর নববধূকে নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের গত কমিটির সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ। এসময় সোহাগের সঙ্গে ছিলেন তার মা ও শাশুড়ি।
আর্শিবাদ নিয়ে দলীয় সভানেত্রীর সঙ্গে তোলা ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন সোহাগ। জীবনের নতুন অধ্যায়ের সূচনায় স্ত্রী উশান আরা, মা এবং শাশুড়িকে নিয়ে আওয়ামী সভানেত্রীর আর্শিবাদ নিতে যাওয়া সোহাগের পোস্ট করা ছবিটির ক্যাপশনে সোহাগ লিখেছেন ‘মা’দের সাথে’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক উশান আরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।
উশান ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে। তার মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা। বাবা মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে নিহত হন।
সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাট। পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তবে অক্টোবরে ঢাকায় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।






