‘নদী রক্ষায় সকলকে একত্রে কাজ করতে হবে’

জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন বলেছেন, নদী সুরক্ষায় প্রয়োজন সরকার ও জনসাধারণের যৌথ উদ্যোগ। স্বাধীনতার পর সবাই নদীর সুফল ভোগ করেছে। কিন্তু নদীর সংরক্ষণে মনোযোগ দেয়নি।
শুক্রবার আশুলিয়ার বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশনে তুরাগ নদী সুরক্ষা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনের সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ এজাজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আরিফ হাসনাত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, সোনভরি নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব মহিউদ্দিন মহির, তুরাগ নদী সুরক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সদস্য সচিব মুজিবুল হক মনি প্রমহৃখ।
এসময় আরিফ হাসনাত বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা সত্ত্বেও নদী তীরবর্তী অঞ্চলের জনসাধারণের অংশগ্রহণের অভাবে দখল ও দহৃষণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে নদী দখলকারীরা উদ্ধার অভিযানে যাওয়া কর্মকর্তা ও পুলিশকে ভীতি প্রদর্শন করে। বিভিন্ন পরিবেশ আন্দোলনের মধ্যে জোট গঠনের ওপর জোর দেন তিনি।
সভায় ঢাকার চারপাশের নদী নিয়ে গড়ে ওঠা আন্দোলনগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মিহির বিশ্বাস।
মোহাম্মদ এজাজ বলেন, নদ-নদীর প্লাবনভূমি পর্যাপ্ত জমি নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করে পরিপত্র জারি করলে ভুয়া দলিলপত্র তৈরি নিয়ন্ত্রণে আসবে।








