নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ এবং অপরাধের শাস্তির বিধান বিষয়ক যেসব তথ্য সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে, তা অপপ্রচার ও গুজব বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ এবং এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে অপপ্রচার চালানোর প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোন আইন নেই।
উল্লেখ্য ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিধিমালা প্রণয়নের কাজ করছে।







