দেড় বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা কিছুটা সম্প্রসারিত করেছেন। মন্ত্রিসভায় নতুন করে যোগ হয়েছেন এক মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী। আর দুই প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নুরুল ইসলাম বিএসসি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারানা হালিম এবং নুরুজ্জামান আহমেদ।
এছাড়া প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং আসাদুজ্জামান খান কামাল পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রী হিসেবে নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর পূর্বের স্ব স্ব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ইয়াফেস ওসমান ও আসাদুজ্জামান খান কামাল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করা খন্দকার মোশাররফ হোসেনকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারানা হালিমকে প্রতিমন্ত্রী হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও খাদ্য মন্ত্রণালয়ে নুরুজ্জামান আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত অনুষ্ঠানে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান।
সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি এস কে সিনহা। মন্ত্রিপরিষদের সদস্যরাও সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠানে যোগ দেন।







