বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। আর আগের চুক্তি থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, আল-আমিন হোসেন ও আরাফাত সানি। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম, গ্রেডিং ও বেতন কাঠামো জানিয়েছে বিসিবি।
এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। গত বছর ছিলেন ১৫ ক্রিকেটার। যাতে পারফরম্যান্সের মানদণ্ডে করা গ্রেডিংয়ে অবনমন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে তিনি এখন ‘এ’ গ্রেডে।
অন্যদিকে ‘এ প্লাস’ গ্রেডে জায়গা ধরে রেখেছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ‘বি’ ও ‘সি’ গ্রেডে আছেন চারজন করে ক্রিকেটার। আর ‘ডি’ গ্রেডে তিনজন।
গত ২২ এপ্রিল বোর্ড সভা শেষে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি অনুমোদন দিয়েছে বিসিবি। ফলে নতুন কাঠামোয় বেতন পাবেন ক্রিকেটাররা। যা চলতি বছরের জানুয়ারি থেকেই সমন্বয় করা হবে।
‘এ প্লাস’ ক্যাটাগরিতে প্রত্যেকের মাসিক বেতন ৪ লাখ টাকা হলেও অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্বের জন্য ২০ হাজার টাকা করে বেশি পাচ্ছেন তিন সিনিয়র ক্রিকেটার। সহ-অধিনায়ক হিসেবে তামিম পাচ্ছেন বাড়তি ১০ হাজার টাকা।
‘এ’ গ্রেডে থাকা একমাত্র ক্রিকেটার মাহমুদউল্লাহর বেতন ৩ লাখ টাকা। ‘বি’ গ্রেডে আছেন ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার। তারা বেতন পাবেন দুই লাখ টাকা করে।
আর ‘সি’ গ্রেডে থাকা রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত পাবেন দেড় লাখ টাকা। সবশেষ গ্রেড ‘ডি’তে থাকা তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি পাবেন এক লাখ টাকা করে।







