ইমেইল নিয়ে এফবিআইয়ের নতুন তদন্তে চিন্তিত নন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, নতুন তদন্তে আগের ফলাফল বদলাবে না বলে তিনি ‘আত্মবিশ্বাসী’।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালককে নতুন তদন্তটি সম্পর্কে আমেরিকান জনগণের কাছে ব্যাখ্যা করে জানাতে বলেছেন হিলারি।
পরিচালক জেমস কোমি এর আগে নতুন ইমেইল নিয়ে আবার তদন্ত শুরুর সিদ্ধান্তের কথাটি জানান।
২০১৫ সালে প্রথম এই অভিযোগ উঠায় তখন তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল এফবিআই। এ কারণে তার বিরুদ্ধে কোনো মামলা না করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই বিষয়টিকে হিলারির বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা।
এখন আবার সেই সময়ের আরও কিছু ইমেইলের সন্ধান পাওয়ার কথা জানিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দেয়া হয়।









