চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সা। আর শেষ আটের লড়াইয়ের পথে ফুটবল ভক্তরা এ মৌসুমে দেখা পাবেন না রোনালদো অথবা নেইমারকে। কারণ শেষ ষোলতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি।
সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদরদপ্তরে রোববার অনুষ্ঠিত হয় ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র। তাতে কঠিন প্রতিপক্ষই পেয়েছে স্প্যানিশ দলগুলো। রিয়াল-বার্সা ছাড়াও লা লিগার দল সেভিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
সিরি আ জায়ান্ট জুভেন্টাস খেলবে টটেনহ্যামের বিপক্ষে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ এফসি বাসেল। পোর্তোর মুখোমুখি হবে লিভারপুল।
তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিপক্ষ তুরস্কের দল বেসিকতাস। সিরি আর আরেক দল রোমা খেলবে শাখতার দোনেৎস্কের বিপক্ষে।
আগামী বছরের ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ। দ্বিতীয় লেগ হবে ৬-৭ মার্চ।







