পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে, আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে তাকে নেয়া হয়।
তবে নওয়াজ শরিফের ব্যক্তিগত ডাক্তার আদনান গত কয়েক দিনের মেডিকেল রিপোর্ট দেখে উন্নত চিকিৎসার জন্য নওয়াজ শরিফকে ২ আগস্ট লন্ডনে পাঠানোর পরামর্শ দেন।
সাবেক প্রধানমন্ত্রী বুকে এবং বাম কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় পাঞ্চাব প্রদেশের অন্তর্বতীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শওকত জাভেদের নির্দেশে তাকে কারাগার থেকে পাকিস্তানের পিআইএমএস হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের মুখপাত্র ওয়াসিম খাজা।
উল্লেখ্য, লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেন।
গত ৬ জুলাইয়ের রায়ে কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়। একই অভিযোগের রায়ে এক বছরের সাজায় জেল খাটছেন নওয়াজের জামাতা মোহাম্মদ সফদার।








