অভিষেকে পাঁচ উইকেট নিয়ে চিটাগং ভাইকিংসকে ১১১ রানেই আটকে দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। জয়ের জন্য ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জেমস ফ্যাঙ্কলিনের ৬৩ রানের ভিত্তিতে ৩৭ বল বাকি রেখে ও চার উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজশাহী কিংস।
এ জয়ে লিগ পর্ব শেষে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো রাজশাহী কিংস।
১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন মুমিনুল হক ও নুরুল হাসান সোহান।
দলীয় ৩৭ রানের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচটা চিটাগংয়ের দিকে ঘুড়ানোর চেষ্টা করেছিলেন সাকলাইন সজীব। তবে অলরাউন্ডার জেমস ফ্যাঙ্কলিনের অনবদ্য ব্যাটিংয়ে সব কিছু বেহেস্তে যায় চিটাগংয়ের।
ফ্যাঙ্কলিন ২৭ বলে পাঁচটি চার ও চারটি ছয়ে করেন ৬৩ রান।
চিটাগংয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন সাকলাইন সজীব ও ইমরান খান।
এর আগে রাজশাহী কিংসের হয়ে অভিষেক ম্যাচে ২১ রানে পাঁচ উইকেট নিয়ে অবিস্মরণীয় পারফরম্যান্স করা আফিফ হোসেন ধ্রুবতে কুপোকাত হয়েছে চিটাগং ভাইকিংস। মূলত এই অফ স্পিনারের ঘূর্ণিতেই নয় উইকেট ১১১ রানে আটকে যায় চিটাগং।
বল হাতে রাজশাহীর হয়ে আফিফ হোসেন একাই নেন ৫ উইকেট। কেসরিক উইলিয়ামস পান ২টি উইকেট। এছাড়া মেহেদী মিরাজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।








