কথায় আছে, ধূমপানে বিষপান। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, ধূমপানে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু ঘটে। এর মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছে। ধূমপান শুধু বাজে অভ্যাস নয় বরং এটা সামাজিক বিপত্তির সৃষ্টি করে। ধূমপানের সবচেয়ে ক্ষতিকর দিক হলো, এটা শুধু ধূমপায়ীকে নয়, একজন অধূমপায়ীকেও সমান ভাবে ক্ষতি করে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুসের ক্যানসার, ব্রনকাইটিসসহ নানা রোগের জন্য দায়ী ধূমপান।

তবে ধূমপায়ীদের জন্য সুখবর আছে, শাক-সবজি আর ফলমূল খাওয়ার অভ্যাস ফুসফুসের ক্যানসার এবং ফুসফুসের কিছু সমস্যার সম্ভাবনাকে অনেকখানি কমিয়ে দেয়। নতুন এক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। এখানে আরও বলা হয়েছে, যারা এখন ধূমপান করছেন এবং অতীতেও করতেন তাদের ক্ষেত্রে সবুজ শাক-সবজি এবং ফলমূল ফুসফুসের অনেক রোগ থেকে মুক্ত রাখবে। অনলাইন জার্নাল থোরাক্সে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে্য—যারা প্রতিদিন পাঁচ অথবা তার বেশি রকমের ফল ও শাক-সবজি খাবে, তাদের ফুসফুসে সমস্যার সম্ভাবনা অনেক কমে যাবে।

বর্তমানে যারা ধূমপান করছেন, তাদের ক্ষেত্রে এ সম্ভাবনা শতকরা আট ভাগ কমে যাবে! গবেষকরা ৪৫-৭৯ বছর বয়সী চুয়াল্লিশ হাজার লোকের ওপর ১৩ বছর ধরে এ গবেষণা করেন।
পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক জোয়ানা কালুজা বলেন, ফলমূলের অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের ক্যানসারসহ আরও অনেক রোগের ঝুঁকি কমায়। তিনি শাক-সবজির পাশাপাশি আপেল, পেয়ারা, লেবুসহ সব ধরনের টকজাতীয় এবং রসালো ফল খাওয়ার পরামর্শ দেন। এনডি টিভি।








