লন্ডনের কেনিংটন ওভালে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ধুঁকছে ইংল্যান্ড। দিন শেষে ইংলিশদের প্রথম ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ১০৭ রান। তারা পিছিয়ে আছে ৩৭৪ রানে।
অজি বোলারদের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেনি ইংলিশ কোনো ব্যাটসম্যান। চা বিরতির পর ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে ইংলিশরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন কাপ্তান অ্যালিস্টার কুক। দলীয় ৩০ রানের মাথায় কুককে বোল্ড করেন লায়ন। এরপর বাকী ৭৭ রানের মধ্যে সাত উইকেট হারায় ইংলিশরা।
ক্রিজে রয়েছেন মঈন আলী ও মার্ক উড। দুজনেরই সংগ্রহ ৮ রান।
অজি পেসার মিশেল মার্শ নেন তিন উইকেট। দুটি করে উইকেট ভাগাভাগি করে নেন পেসার পিটার সিডল ও অফ স্পিনার নাথান লায়ন।
এর আগে প্রথম দিনের তিন উইকেটে ২৪৭ রান নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। চা বিরতির আগে অল আউট হয় ৪৮১ রান করে।
প্রথম দিনে ৭৮ রানে অপরাজিত থাকা অজি ভবিষ্যৎ কাপ্তান স্টিভেন স্মিথ তুলে নেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ফিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৪৩ রান।
তাকে যোগ্য সহায়তা দেন ভোজেস। তিনি করেন ৭৬ রান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৪৬ রান।
শেষ দিকে মিচেল স্ট্রার্কের ৫২ বলে ৫৪ রানের ইনিংসে বড় সংগ্রহ করার পুঁজি পায় অজিরা।
ইংলিশ বোলারদের পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার বেন স্টোকস, স্টিফেন ফিন ও অফ স্পিনার মঈন আলী।






