রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় আবাসিক বৈশিষ্ট্য সংরক্ষণে উচ্চ আদালতের রায় অমান্য করায় সেখানকার তিনটি রেস্টুরেন্টের চার জন মালিকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
Soi Three, Bitter Sweet, Fork Knife নামক এসব রেস্টুরেন্টের মালিক যথাক্রমে মিসেস বুশরা, রুখসানা বেগম, সেগুফতা হাসান ও শাহ জামালের বিরুদ্ধে এই রুল জারি করা হয়।
আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে এ সংক্রান্ত আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ জানান, ধানমন্ডি আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থাকার কারণে সেখানে বসবাসকারীদের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১২ সালে হাইকোর্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে ধানমন্ডির আবাসিক এলাকা থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দেন।
আদালতের উক্ত আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা এমনকি গত ১ জানুয়ারি তারিখে আইনী নোটিশ পাওয়ার পরও প্রতিষ্ঠান সরানোর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বিষয়টির উপর শুনানি শেষে আদালত মঙ্গলবার রুল জারি করেন।







