জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনা ঘাঁটি সরিয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে হাজার হাজার জনতা। দ্বীপটিতে এক জাপানি তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক মার্কিন কর্মকর্তাকে গ্রেফতারের পর সেনা ঘাঁটি প্রত্যাহারের দাবি জানিয়েছে ১০ হাজারেরও বেশি বিক্ষুব্ধ মানুষ।
ওকিনাওয়া মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত। দ্বীপটির এক পঞ্চমাংশেরও বেশি স্থান দখল করে এই ঘাঁটি তৈরি করা হয়। বর্তমানে সেখানে ২৬ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। দ্বীপের মার্কিন সেনাদের বিরুদ্ধে দ্বীপবাসী নারীদের হয়রানি করার অভিযোগ বেশ পুরোনো। তবে সম্প্রতি রিনা শিমাবুকুরো নামে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ঘাঁটিতে কর্মরত ৩২ বছর বয়সী এক কর্মকর্তাকে আটক করার পর ধৈর্য্যর বাঁধ ভাঙে দ্বীপবাসীর।
নিহত তরুণীর বাবা এক বার্তায় জানান,‘ কেনো আমার মেয়েকে হত্যা করা হলো?’। মেয়ে হারানো এই বাবার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবিলম্বে মার্কিন ঘাঁটি তুলে নেয়ার দাবি জানিয়েছে হাজারো জাপানি।
৭১ বছর বয়সী চিহিরো উচিমুরা নামের এক বিক্ষোভকারী বলেন,‘ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আজ আমরা দুঃখভারাক্রান্ত। আর কারও সঙ্গে এমনটা ঘটুক আমরা তা চাই না। এজন্যই ওকিনাওয়া থেকে তাদের চলে যেতে হবে। এখানে মার্কিন সেনাঘাঁটি থাকলে এমন ঘটনা বারবার ঘটবে’।
শুধু ওকিনাওয়া দ্বীপেই নয় মার্কিন ঘাঁটি সরিয়ে নেয়ার দাবিতে রাজধানী টোকিওতে জাপান পার্লামেন্টের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।








