টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ম নিয়ে নানা বিষয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেয়া ও সেই বক্তব্য পরে ইউটিউবে ভাইরাল হলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামী বয়াতি শরিয়ত সরকার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বয়াতি শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতী শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য করেন বলে অভিযোগ উঠে।
সেখানে তিনি দাবি করেন, গান বাজনা হারাম কোরআনে কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে ৫০ লাখ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করেন। এছাড়া ধর্মের কিছু বিষয় নিয়ে তিনি অপ্রাসঙ্গিক কথা বলেন বলেও অভিযোগ রয়েছে।
যা পরবর্তীতে ইউটিউবে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা মানববন্ধন ও সমাবেশ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’








