প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করবে না সরকার। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যাতে নিজ ধর্ম পালন করতে পারে সেজন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এটাই বাংলাদেশের বড় চেতনা।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসপ্তমীর বিকেলে যান ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সেখানে প্রধানমন্ত্রী বলেন, এই ভূমির সব ধর্ম-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ধর্মের নামে কোন উগ্রপন্থা বাংলাদেশ সহ্য করা হবে না।
পরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মন্দিরে যান প্রধানমন্ত্রী। বলেন, সবার প্রচেষ্টায় বাংলাদেশের যে সম্মান এসেছে তা ধরে রাখতে হবে সবাইকে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সবাইকে যার যার অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






