গাবতলীতে পরিবহন শ্রমিকদের সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকে দায়ী করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে গাবতলীতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শ্রমিকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও সেখানে ঘটে।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরেকটি মামলায় সোমবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০০৩ সালে সাভারে ঘটা একটি ঘটনায় ট্রাক চালক মীর হোসেন মীরুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
এ দুই রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। যদিও তারা বলছে, ধর্মঘট নয়, কর্মবিরতি পালন করছে।
সারাদেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ধর্মঘটের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে রাজধানীসহ দেশের যোগাযোগ ব্যবস্থা। দূরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বেও বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে মানুষ।








