যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে টপকে এবার প্রথমবারের মতো ‘ধনকুবের রাজধানী’ হিসেবে নাম লেখালো চীনের বেইজিং। চীনভিত্তিক গবেষণা সংস্থা হুরুন তাদের নতুন প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
ওই প্রতিবেদনের তথ্য অনুসারে, বিশ্বে এখন বেইজিংয়েই সবচেয়ে বেশি কোটিপতি বা ধনকুবেরের বসবাস। বর্তমানে চীনের এই রাজধানীতে বাস করছেন মোট একশ’ জন কোটিপতি।
এর আগে নিউ ইয়র্ক পরিচিত ছিলো ‘ধনকুবের রাজধানী’ হিসেবে। সেখানে আছেন মোট ৯৫ জন ধনকুবের।
গত পাঁচ বছর ধরেই হুরুন বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের একটি বার্ষিক তালিকা প্রকাশ করে আসছে, যার নাম ‘গ্লোবাল রিচ লিস্ট’। তবে সংস্থাটি বিশেষভাবে চীনবাসীদের সম্পদ ও বিলাসদ্রব্যের সার্বক্ষণিক হিসেব রাখে।
গ্লোবাল রিচ লিস্টে বিশ্বের ধনকুবেরদের মোট সম্পদের হিসেব মার্কিন ডলারে প্রকাশ করা হয়।
এ বছরের তালিকায় দেখা যায়, গত বছর থেকে এ পর্যন্ত বেইজিং ৩২ নতুন ধনকুবেরকে স্থান দিয়েছে। সেখানে এই সময়ের মধ্যে নিউ ইয়র্কে নতুন যোগ হয়েছেন মাত্র ৪ জন কোটিপতি। আর এই কারণেই একে ছাড়িয়ে যেতে পেরেছে বেইজিং।
সার্বিকভাবে চীন দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ধনকুবেরের সংখ্যার দিক দিয়ে হারিয়ে দিয়েছে। তবে হুরুনের তালিকার শীর্ষ ১০ ধনকুবেরের মাঝে কিন্তু এখনো যুক্তরাষ্ট্রের কোটিপতিদেরই আধিপত্য।
হুরুনের চেয়ারম্যান রুপার্ট হুগেওয়ার্ফ বলেন, পুঁজিবাজারে অস্থিরতা এবং অর্থনৈতিক ধীরগতির পরও চীনে কোটিপতির সংখ্যা বেড়েছে। শেয়ারবাজারে বহু বছর নতুন আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) বন্ধ রাখার পর হঠাৎ করে ব্যাপক পরিমাণে ছেড়ে দেয়া এর কারণ হিসেবে তিনি মনে করেন।
তালিকা থেকে চীনের সবচেয়ে বড় ধনী ব্যক্তির নাম প্রকাশ করেছে হুরুন। তার নাম ওয়্যাং জিয়ানলিন। তার সম্পত্তির পরিমাণ ২ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলার।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে পৃথিবীতে মোট ২ হাজার ১৮৮ জন ধনকুবের আছেন, যা নতুন একটি বিশ্বরেকর্ড।






