দেয়ালে পিঠ ঠেকে গেলেই কেবল মানুষ বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন বলে মনে করেন আইন মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এসময় আইন মন্ত্রী আনিসুল হক বলেন, বিচারকদের মনে রাখতে হবে যে, ‘মানুষ নিরুপায় না হলে আদালতের দ্বারস্থ হয় না। দেয়ালে পিঠ ঠেকে গেলেই কেবল মানুষ বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন।’
আইন মন্ত্রী আরো বলেন, ‘আদালতই বিচারপ্রার্থী জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। কাজেই বিচারপ্রার্থী জনগণ যাতে স্বল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার লাভ করতে পারে সেদিকে বিচারকদের খেয়াল রাখতে হবে।’
‘সংবিধান ও আইন অনুযায়ী প্রত্যেক বিচারকই স্বাধীন। তবে বিচার করতে গিয়ে কোনপক্ষ যাতে অবিচারের শিকার না হয় এবং কোন ভাবে যেন অহেতুক হয়রানী ও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।








