মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার ব্যবসায় লোকসান দেখিয়ে প্রায় ১৮ বছর ধরে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, ট্রাম্প এর ব্যবসার অবস্থা ভালো থাকার পরও আয়কর বিবরণীতে তিনি ওই সময়ে ৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার লোকসান দেখিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন কর ফাঁকির ঘটনাটিকে বিস্ময়কর বলেছেন।
হিলারি’র নির্বাচনী শিবির বলছে, ওই প্রতিবেদনটি ট্রাম্পের অসাধু ব্যবসায়িক নীতি ফাঁস করেছে। এর মাধ্যমে ট্রাম্পের ছল-চাতুরীর কৌশল উন্মোচিত হয়েছে।
তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবির বলছে, হিলারির প্রচারণায় যোগ দিয়ে নিউইয়র্ক টাইমস উদ্দেশ্যমূলকভাবে এসব প্রকাশ করেছে।








