ষষ্ঠবারের মতো দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতির লক্ষ্যে আয়োজিত দশদিন ব্যাপী গঙ্গা-যমুনা নাট্য ও সংস্কৃতি উৎসব শেষ হচ্ছে রবিবার ১৫ অক্টোবর। উৎসবের শেষ দিনে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চায়িত হবে দেশ নাটকের প্রযোজনায় নাটক ‘সুরগাঁও’।
দেশ নাটকের ২২ তম প্রযোজনায় এই নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এক অচেনা গ্রামের ঘটনা নিয়ে আবর্তিত নাটকের কাহিনী। ‘সুরগাঁও’ নামের সেই গ্রামে আছেন আসলাম ফকির নামের এক ভবিষ্যতদ্রষ্টা; আছেন রহস্যজনক ভাবে ১৮০ বছর পর ফিরে আসা গ্রামের পত্তনকারী আনাল ফকির। অপরাধীদের বাঁশি শিখিয়ে মনের নেতিবাচকতা দূর করার জন্য আছেন এক বাঁশি বুড়িও। সুর আর অসুরের দ্বন্দ্বে সুরগাঁও এ একসময় শুরু হয় চরম বিশৃঙ্খলা। অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে এক সরলরেখায় নিয়ে এসে তৈরি হয়েছে ‘সুরগাঁও’।
গঙ্গা-যমুনা নাট্য ও সংস্কৃতি উৎসবের শেষ দিনে আরও মঞ্চায়িত হবে নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ ও জয়যাত্রার ‘প্রীতিলতা’।









