দেশে আইএসের ঘাঁটি রয়েছে কিনা এপ্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন বলেছেন, এটি দেশী ও বিদেশী ষড়যন্ত্রের অংশ। দেশে আইএসের কোনো ঘাঁটি নেই।
আইএস মুখপাত্র সাময়িকী ‘দাবিক’এর ১৪তম সংস্করণে গতকাল (১৩ এপ্রিল) প্রথমবারের মতো বাংলাদেশে আইএস প্রধানের নাম প্রকাশিত হওয়া ও আবু জান্দাল নামে এক বাংলাদেশী আইএস জঙ্গি নিহত হওয়ার খবরের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আইএসের কোনো ঘাঁটি বাংলাদেশে নেই। কোনো সংগঠন বাংলাদেশে নেই। অল্প দুয়েকজন আইএসে বিশ্বাস করতে পারেন।
‘হিন্দু’ ভারত ও ‘বৌদ্ধ’ মিয়ানমারে খিলাফত প্রতিষ্ঠার অভিযান পরিচালনার জন্য পূর্বে ‘ধর্মত্যাগী’ বাংলাদেশে নিজেদের জিহাদি ফ্রন্ট শক্তিশালী করতে হবে বলে আইএস মুখপাত্র সাময়িকী ‘দাবিক’এ এক সাক্ষাৎকারে জানিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ।
এদেশে ঘাঁটি গেড়ে জঙ্গিদেরকে পার্শ্ববর্তী দেশে হামলা চালাতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো বিদেশী মতাদর্শের সদস্যদের এদেশে ঘাঁটি গেড়ে এদেশকে আক্রমণ করতে দেওয়া হবে না। বাংলাদেশে ঘাঁটি গেড়ে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে আক্রমণের সুযোগও দেওয়া হবে না।
ধর্মেও এসব প্রশ্রয় দেওয়া হয়না উল্লেখ করে তিনি বলেন, ওরা যে বলছে, সংখ্যালঘুদের আক্রমণ করবে। এটা আমাদের ইসলাম ধর্ম কখনো প্রশ্রয় দেয় না। যারা এসব কথা বলে তারা ইসলাম তো বটেই, মানবতার শত্রু।









