এই দেশটি আমাদের তাই সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লোকপ্রশাসন প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কাউকে অবহেলা করা যাবে না। গ্রামের যে কৃষক-শ্রমিক তারা কাজ করে বলেই আমাদের বেতন ভাতা হয়। তাই তাদেরও বিশেষ যত্ন করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে।
এসময় তিনি বেতন বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, আমরা আমাদের কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করেছি যেনো তারা আর কোনো দুর্নীতির সঙ্গে না জড়ায়। আপনারা কেউ দুর্নীতি করবেন না, অন্যকে দুর্নীতি করতে দেবেন না।
জলবায়ুর প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধু কন্যা বলেন, বাংলাদেশ এখন উষ্ণতম দেশের তালিকায়। পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশের উন্নয়নে আমরা জাতীয় তথ্য বাতায়ন তৈরি করেছি যেখানে বাংলাদেশের সব খবর একসঙ্গে পাওয়া যাবে।
লোকপ্রশাসন অধিদপ্তরের অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প চেয়ে তিনি বলেন, কোনো প্রকল্প যেন আমলাতান্ত্রিক জটিলতার বিলম্বিত না হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্নভাবে যেন সবকাজ সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় শিক্ষার কোনো শেষ নেই এমন কথা বলে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই বিশ্বের সঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো।










