সুপ্রিম কোর্টসহ দেশের প্রতিটি আদালতকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এবিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. মো. জাকির হোসেন বুধবার সাংবাদিকদের জানিয়েছেন: হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসন আপিল ও হাইকোর্ট কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ১০০ টি প্রতিকৃতি সংগ্রহ করা হয়েছে। চলমান অবকাশের মধ্যেই আপিল ও সকল হাইকোর্ট কক্ষে প্রতিকৃতি টাঙানো হবে। অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় দেশের সকল অধস্তন আদালতকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। এরই মধ্যে অনেক আদালতে প্রতিকৃতি টাঙানো হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস আদালত কক্ষে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ দেশের সব আদালত কক্ষে দুই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ দেন।








