তথ্য-প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবনী ব্যবসায়ের পরিকল্পনা মাথায় নিয়ে ঘোরা দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ‘সিডস ফর দ্য ফিউচার’ ২০১৮ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে পরিচিত প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ে।
হুয়াওয়ে বাংলাদেশে তাদের বৈশ্বিক পর্যায়ের সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
আজ সোমবার রাজধানীর গুলশানে হুয়াওয়ের কাস্টমার সল্যুশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স সেন্টারে (সিএসআইসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হুয়াওয়ের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) জেরি ওয়াং।
এই প্রতিযোগিতার মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশের পাঁচটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থীকে মনোনীত করবে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), খুলনা প্রকৌশল বিশ্যবিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে এই শিক্ষার্থীদের বাছাই করা হবে।
শীর্ষ ১০ শিক্ষার্থী নির্বাচনের জন্য হুয়াওয়ের দক্ষ টিম প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেয়ে তাদের সংশ্লিষ্ট ফ্যাকাল্টির নির্বাচকদের সঙ্গে নিয়ে দুই জন করে সেরা শিক্ষার্থী বাছাই করবে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) জেরি ওয়াং বলেন: এ দেশের উদীয়মান আইসিটি প্রতিভাধরদের জন্য আবারও সিডস ফর দ্য ফিউচার শুরু করতে যাচ্ছি আমরা। এই প্রোগ্রামের মাধ্যমে শীর্ষ ১০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আইসিটি খাতে দক্ষতা বৃদ্ধি করতে, আন্তর্জাতিকভাবে হাতে কলমে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দিতে এবং চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়ার চেষ্টা করবে হুয়াওয়ে।
এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে সিডস ফর দ্য ফিউচারের আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী ২৮০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩০ হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়, যাদের মধ্য থেকে ২ হাজার ৭’শ জন শিক্ষার্থীকে হুয়াওয়ের হেডকোয়ার্টারে শিক্ষা ভ্রমণে নিয়ে যাওয়া হয়।








