বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি হয়েছে। গত বছর এই সূচকে ৮৮তম থাকলেও এবার ৮০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট’র গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বুধবার বিশ্ব গণতন্ত্র সূচক প্রকাশ করেছে। বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের এই সূচকে এ বছর বাংলাদেশ ৮ ধাপ এগোল।
নির্বাচন ব্যবস্থা ও বহুদলীয় পরিস্থিতি, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডে তৈরি হয় এই সূচক। যেহেতু সূচকে উন্নতি হয়েছে, ধরেই নিতে হবে এসব ক্ষেত্রে ভাল করছে বাংলাদেশ। বিষয়টি খুবই ইতিবাচক।
সব মানদণ্ডের সূচক মিলিয়ে কোনো দেশের গড় স্কোর যদি ৮-এর বেশি হয়, তাহলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়। ৬ থেকে ৮-এর মধ্যে স্কোর হলে সেটাকে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ হিসেবে চিহ্নিত করা হয়, স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে থাকলে ধরে নেয়া হয় ‘মিশ্র শাসন’ (হাইব্রিড রেজিম)। আর স্কোর ৪-এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরে নেয়া হয়।
দেশের মানুষ নির্বাচন পছন্দ করেন এবং ভোটের মাধ্যমে মতপ্রকাশ করার এই সংস্কৃতির কারণে দেশের গণতন্ত্রের জন্য আশাবাদের একটি জায়গা। বিগত কিছু নির্বাচনের কারণে জনমনে নানা আশঙ্কা আর সন্দেহ থাকলেও দিনে দিনে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে বলে আমাদের ধারণা। সামনে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন, যে পাঁচটি মানদণ্ডে সূচক নির্ধারণ তার আরেকটি পরীক্ষা আসন্ন সরকারের জন্য।
সরকারের বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ দেশের জনগণের সচেতনতায় দেশের গণতন্ত্র আরও অগ্রসর হোক, এই আমাদের প্রত্যাশা।







