বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যেন বিশ্বের কাছে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে পরিচিত হতে পারি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের রাজধানী টোকিওতে যেন এক টুকরো বাংলাদেশ। ৭১৪ স্কয়ার মিটার জায়গায় অত্যাধুনিক নকশায় গড়ে তোলা হয়েছে চারতলা ভবন। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের এই নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানে চ্যান্সারী ভবন নির্মাণে সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করেন, মুক্তিযুদ্ধ পরবর্তী দেশগঠন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের অবদানের কথা।
প্রধানমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় রয়েছে সেটা আরো ভালো হবে।
এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাপান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিপলা সিরিসেনার সঙ্গেও।







