দেশীয় খামারীদের উৎসাহিত করতে আগামী বাজেটে গুঁড়ো দুধ এবং মাংস আমদানির ওপর শুল্ক বাড়ানো হবে। সিলেটে কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আরও বলেন, বেসরকারি খাতের মাধ্যমে কৃষি ভবন প্রতিষ্ঠা করা হবে।
এতে কৃষক উৎপাদিত পণ্য সরাসরি পাইকারের কাছে বিক্রির সুযোগ পাবেন। তবে সিলেটে এক-তৃতীয়াংশ জমি অনাবাদী থাকাকে শরমের বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
২০০৫ সাল থেকে শুরু, চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজন। তৃণমূল কৃষকের ভাবনা সরাসরি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে এই আয়োজন এরই মধ্যে নজর কেড়েছে সরকারের। প্রায় প্রতিবছরই মন্ত্রীসভার সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলে কৃষকের চাওয়া-পাওয়ার খতিয়ান জানতে। সিলেটের মানুষ অর্থমন্ত্রীকে কাছে পেয়ে গর্বিত কৃষি বাজেট, কৃষকের বাজেটে অংশ নেয়া দক্ষিণ সুরমার হাজারো কৃষক।
অন্য যেকোনো অনুষ্ঠানের মতোই ১৯ মার্চ সোমবার রাতে ধারণ চলছিলো কৃষি বাজেট আলোচনার। রাত প্রায় পৌনে নটা, হঠাৎ করেই অর্থমন্ত্রীকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে ততক্ষণে প্রচার হয়ে গেছে এবছরের স্বাধীনতা পুরষ্কারে ভূষিত বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম। তবে সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে অনুষ্ঠানস্থলের কেউ জানতেন না সেই খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে দুতিন মিনিট কথা বলে অর্থমন্ত্রী জানালেন কৃষকের জন্য কাজ করে যাওয়া গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের রাষ্ট্রীয় স্বীকৃতির বার্তা।
উপস্থিত কৃষকের অভিনন্দনে সিক্ত, শাইখ সিরাজ আবেগ আপ্লুত হলেন, কৃতজ্ঞতাও জানালেন, তবে ভুলে যাননি কৃষকের জন্য অনুষ্ঠান তৈরির কাজ চলার কথা। যথারীতি বাজেটে বরাদ্দ চেয়ে নানা দাবি তুলে ধরেন কৃষক।
কৃষি বাজেট, কৃষকের বাজেটে উপস্থিত থাকতে পেরে নিজেকে সমৃদ্ধ করার কথা পুর্নব্যাক্ত করেন অর্থমন্ত্রী।
কৃষি ঋণে অনিয়ম দূর করার পাশাপাশি ভর্তুকি ও প্রণোদনা যাতে প্রকৃত কৃষক পায় সেজন্য এলাকায় সুবিধাভোগীদের তালিকা টানিয়ে দেয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







