কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেজান (১৮) নামক এক যুবক নিহত হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার খোরশেদ আলম নামের আরেক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ১৬ আগস্ট দুপুরে বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেজান কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নূরুল হক মাঝুর ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খোরশেদ জানিয়েছেন, অভি নামের এক বন্ধুর জন্য চারজন যুবকের সাথে ঝগড়া হয় নিহত সেজানের। এক পর্যায়ে তাদের একজন সেজানের পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হলে তাকে হাসপাতালে নিয়ে আসে খোরশেদ। তবে ঘটনার সাথে আবু তাহের, রাজু ও নামের তিনজনকে চিনতে পারলেও যে ছুরিকাঘাত করেছে তাকে চিনতে পারেনি বলে দাবি করেছে খোরশেদ। কি কারণে সেজানের দ্বন্দ্ব সেটা জানেনা বলেও দাবি আটক খোরশেদের।
সেজানের পরিবার সুত্রে জানা যায়, সেজানের বাবা কাউন্সিলর নূরুল হক মাঝুর সাথে তার মায়ের ডিভোর্স হলে তিনি তার মায়ের সাথে বৈদ্যঘোনায় নানাবাড়িতে থাকতেন। তিনি মায়ের একমাত্র পুত্র। তাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন মা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেজানের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছে পরিবার।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেফতারের অভিযানের কথা জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।







