ভারতীয় ক্রিকেট বোর্ড মুম্বাইয়ের এক ব্যাটসম্যানকে ক্রিকেট-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।
নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের নাম হিকেন শাহ।
হিকেন শাহর বিরুদ্ধে অভিযোগ, আইপিএল দলে তার পরিচিত এক ক্রিকেটারের কাছে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
৩০ বছর বয়সী হিকেন শাহ মুম্বাইয়ের ঘরোয়া রঞ্জি ট্রফিতে খেললেও জাতীয় দলে খেলতে পারেননি।
বর্তমানে ইংল্যান্ডে খেলা হিকেন শাহ নিজেকে নির্দোষ দাবি করেছেন।
যার সাথে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে তার নাম প্রবীণ তাম্বে। তাম্বে একজন স্পিনার। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন, মুম্বই দলে হিকেন শাহর সতীর্থ ছিলেন।
হিকেন শাহর বিরুদ্ধে অভিযোগ হল, আইপিএল শুরুর আগে তাম্বেকে ফিক্সিংয়ে জড়ানোর প্রস্তাব দেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তের ব্যবস্থা নিয়েছে বিসিসিআই।
৩৭টি বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে গড় ৪২ এর ওপরে।
ভারতে সুপ্রিম কোর্টের লোধা কমিশন স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও কর্মকর্তাদের কী সাজা হবে আগামীকাল তা ঘোষণা করার আগেই হিকেন শাহকে শাস্তি দিল।






