পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও সিরাজগঞ্জে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত চারজন। কুমিল্লায় মেয়েসহ চিকিৎক দম্পতি ও সিরাজগঞ্জে একই পরিবারের তিন জন নিহত হয়।
সোমবার রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দির টামটায় প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতি ও তাদের মেয়ে সহ ৪ জন নিহত হয়। এসময় আহত হয় তাদের আরো দুই সন্তান।
দাউদকান্দির টামটায় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটিকে আটক করলেও পলাতক রয়েছে বাসের চালক।
অন্যদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়। মঙ্গলবার ভোর ৫ টার দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরে এই ঘটনায় আরো অন্তত ২ জন আহত হয়।
দ্বারিয়াপুর নব কুমার ব্রীজের দক্ষিণ পাশে যশোর থেকে ছেড়ে আসা গুড় বাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একটি ঘরের উপর পড়ে । এতে একই পরিবারের তিনজন আবু বক্কর (৩০), স্ত্রী আরদি বেগম (২৬) ও মেয়ে (৬) নিহত হন । আহত মজনু ও সৌরভ এর অবস্থা অবনতি হলে দ্রুত বগুড়া মেডিকেল এ পাঠানো হয়।
শাহজাদপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস দুর্ঘটনা স্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে।
সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেন। শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, উপজেলার প্রশাসন থেকে নিহতদের দাফনের জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে ।






