পাহাড়ের দুর্গত এলাকায় না গিয়ে খালেদা জিয়া ঢাকায় বসে মায়া কান্না করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা অনলাইন ওয়েব বেইজড সিস্টেম বর্ধিত করণের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া হাওরে যাননি, উপকূলেও যাননি আর এখন পাহাড় ধসের সময়ও দুর্গত এলাকায় যাননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরে গিয়েছিলেন, পাহাড় ধসের পর প্রয়োজনীয় টিম নিয়ে আমি বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছি। আর বিএনপির নেতারা ঢাকায় বসে মায়া কান্না করেন, কিন্তু তারা দুর্গত এলাকায় যায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া যেসব কথা বলছেন তা শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের কুরুচিপূর্ণ বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফর নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রেক্ষিতে কুমিল্লায় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
পার্বত্য জেলায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফরকে ‘আনন্দ ভ্রমণ’ বলে সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এছাড়া কয়েকজন সেনা কর্মকর্তাসহ দেড় শতাধিক মানুষের লাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রীর সুইডেন সফর স্থগিত না করায় শুক্রবার প্রধানমন্ত্রীর সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।








