প্রায় দেড়টা সপ্তাহ বাজেভাবে কাটানোর পর আবার ছন্দে ফিরেছে বার্সেলোনা। মেসি-সুয়ারেজদের ছন্দময় ফুটবলে চূর্ণ হলো লাস পালমাস। লা লিগায় নেইমার-ইনিয়েস্তাকে ছাড়াই পালসামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে লুইস এনরিকের দল।
এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন কোচ এনরিকে। নেইমারের সাইডলাইনে ছিলেন প্লেমেকার আন্দ্রেস ইনিয়েস্তাও।তবে সুয়ারেজসহ বাকিদের নিয়ে চোখ ধাঁধানো ফুটবলই খেলেছেন মেসি। দলের এই বড় জয়ে মেসি একটি গোল করলেও পুরো ম্যাচে প্রতিপক্ষের রক্ষণে পুরো ম্যাচেই আতঙ্ক ছড়িয়েছেন।
ঘরের মাঠে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সা। গোমেজের ক্রস পেয়ে আচমকা শট নেন সুয়ারেজ। যেটি মুহূর্তের মধ্যে জালে জড়ায়। ১-০ স্কোরলাইন নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। ৪২ মিনিটে অবশ্য ব্যবধানটা বাড়তে পারত। ব্যবধান বাড়তে পারত ৪৪ মিনিটেও। দুবার মেসিকে গোলবঞ্চিত করেন পালমাসের গোলরক্ষক।
টানা চার ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করারও সুযোগ এসেছিল আর্জেন্টাইন তারকার সামনে। কিন্তু শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে সেটি রক্ষা করেন পালমাস গোলরক্ষক। দুই মিনিট পর গোলরক্ষকে একাই পেয়েছিলেন মেসি। কিন্তু সেটাও পা দিয়ে ঠেকিয়ে দেন।
অবশেষে ৫২ মিনিটে গােল পান মেসি। চলতি মৌসুমে লিগে এটি ১৪তম গোল। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করে মেসিকে ছুঁয়ে ফেলেন সুয়ারেজ। ১৪ গোল নিয়ে মেসির সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা এখন উরুগুয়েরেএই স্ট্রাইকারও।
মেসি-সুয়ারেজ ছাড়া গোল পেয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা তুরান ও বেলজিয়াম তারকা অ্যালেক্স ভিদাল। এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।
শনিবার ইউরোপজুড়ে হয়ে যাওয়া অন্য শীর্ষ পেশাদার লিগে বড় জয় পেয়েছে বড় দলগুলোই। ওয়েস্টব্রমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় টটেনহাম হটস্পারের, তাতে হ্যাটট্রিক করেছেন হ্যারি কেন আর অন্য গোলটা আত্মঘাতী। বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।
সোয়ানসিকে তাদের মাঠে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। স্কোরলাইন বড় হলেও অবশ্য কারো হ্যাটট্রিক নেই, চারজনে করেছেন চার গোল। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম, হাল সিটি ৩-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। আর সান্ডারল্যান্ডকে তাদের মাঠেই হারিয়েছে স্টোক সিটি।







