বিমান বাংলাদেশে এয়ারলাইন্স বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবির ফ্লাইট বাতিল করেছে।
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশটির সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে বিমান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেন আজ গণমাধ্যমকে বলেন: ইউএই’র সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবীর সাথে সকল ফ্লাইট বাতিল করছি।
তবে এমিরেটস এয়ারলাইন্সসহ আরব আমিরাতের বিমানগুলো ঢাকা থেকে তাদের ফ্লাইট অব্যহত রাখবে। এসব ফ্লাইটে শুধু ট্রানজিট যাত্রীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো অন্যান্য দেশে যাবেন।
জানা যায়, এখন পর্যন্ত এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে তাদের ফ্লাইট হ্রাস করেনি। তারা প্রতিদিনই বরাবরের মতো দুবাই-ঢাকা-দুবাই তিনটি ফ্লাইটই পরিচালনা করছে।
এর আগে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সাথে সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান সকল ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সকল দেশের ফ্লাইট বাতিল করেছে।







