পেসার মোহাম্মদ আব্বাসের আঘাতে দ্বিতীয় ইনিংসেও দিশেহারা অস্ট্রেলিয়া। তার সাত বলের ঝড়েই দুবাই টেস্টে জয়ের কাছাকাছি চলে গেছে পাকিস্তান।
পাকিস্তানের ডানহাতি পেসার আব্বাস একে একে ফিরিয়েছেন অ্যারন ফ্রিঞ্চ (৪৯) এবং দুই ভাই শন ও মিশেল মার্শকে। ওপেনিং জুটিতে ৮৭ রান তোলার পর মার্শ ভাইদের গোল্ডেন ডাকে চতুর্থদিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬।
চতুর্থ উইকেট জুটিতে মূল্যবান ৪৯ রানে অবিচ্ছিন্ন উসমান খাজা (৫০) ও ট্রাভিস হেড (৩৪) । তবে দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে পঞ্চমদিনে কঠিন পরীক্ষাই দিতে হবে তাদের।
শেষ দিনে পাকিস্তানের দরকার ৭ উইকেট। আর জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে আরও ৩২৬ রান।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসটা যেন প্রথম ইনিংসের অ্যাকশন রিপ্লে। মঙ্গলবার প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৪২ রান তোলার পর অলআউট হয় ২০২ রানে। বুধবারও ওপেনিং জুটিতে ৮৭ তোলার পর একই স্কোরবোর্ডে দাঁড়িয়ে তিন উইকেট হারায় তারা। প্রথমে ফ্রিঞ্চ আউট হওয়ার পর ছয় বলের ব্যবধানে ফেরেন মার্শ ভাইয়েরা।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৮২ রানের জবাবে ২০২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তানিরা।
এই টেস্ট জিতে হলে নতুন করে ইতিহাস লিখতে হবে অজিদের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করেই জিততে হবে তাদের। কারণ সব মিলিয়ে তাদের করতে হবে ৪৬২ রান। কিন্তু ৪১৮ রানের বেশি তাড়া করে টেস্ট জেতার নজির নেই কারোরই। অজিদের বিরুদ্ধে ২০০৩ সালে অ্যান্টিগায় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।









